বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

গাজা যুদ্ধ থেকে ফিরেই ইসরাইলি সেনার আত্মহত্যা

ইসরাইলের একটি সামরিক ঘাঁটিতে এক ইসরাইলি সেনা আত্মহত্যা করেছেন।

নিহত ওই সেনা ফিলিস্তিনের গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যায় অংশ নিয়েছিলেন।

গত ১০ দিনের মধ্য এ নিয়ে তৃতীয় কোনো ইসরাইলি সেনা আত্মহত্যা করল বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

সোমবার (১৪ জুলাই) এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ওই সেনাকে মৃত অবস্থায় পাওয়া গেছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

স্থানীয় টেলিভিশন চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, ওই সেনা ‘নাহাল ব্রিগেড’-এর সদস্য ছিলেন এবং গাজায় ইসরাইলের সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন। এই ঘটনায় সেনাবাহিনীর সামরিক পুলিশ তদন্ত শুরু করেছে।

এর আগে গত সপ্তাহে এক রিজার্ভ সেনা আত্মহত্যা করেন, আরেক সেনাকে ঘাঁটি থেকে একইভাবে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এভাবে ইসরাইলি সেনাদের একের পর এক আত্মহত্যার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে, বিশেষ করে রাজনীতিক ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে।

ইসরাইলের বিরোধী নেতা ইয়ার লাপিদ এক্স পোস্টে লিখেন, ‘গত এক সপ্তাহে তিনজন সেনা আত্মহত্যা করেছেন। এটা এক দমবন্ধ করা বাস্তবতা।’

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, চলতি বছর এখন পর্যন্ত অন্তত ১৫ জন ইসরাইলি সেনা আত্মহত্যা করেছেন। গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই এ প্রবণতা বেড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *