বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

সালমান খান একজন গুণ্ডা, খান পরিবার বলিউড নিয়ন্ত্রণ করে: অভিনব কাশ্যপ

বলিউড নির্মাতা অভিনব কাশ্যপ আবারও আলোচনায় এসেছেন সালমান খান এবং তার পরিবার সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করে।

সম্প্রতি একটি জনপ্রিয় ফিল্ম ম্যাগাজিনকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ‘দাবাং’ পরিচালক সরাসরি অভিযোগ করেন, সালমান খান একজন “গুণ্ডা”, এবং তার পরিবার বলিউড ইন্ডাস্ট্রিকে একটি অদৃশ্য শাসনব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণ করছে।

২০১০ সালে মুক্তিপ্রাপ্ত সুপারহিট সিনেমা দাবাং অভিনব কাশ্যপের ক্যারিয়ারের বড় সাফল্য এবং সালমান খানের ক্যারিয়ারের এক মোড় পরিবর্তনকারী ছবি ছিল। কিন্তু সেই সাফল্যের পেছনের গল্প নিয়ে মুখ খুলেছেন পরিচালক।

তিনি বলেন, “দাবাং করার সময় সালমানের প্রকৃত আচরণ সম্পর্কে জানতাম না। শুটিং সেটে তার ব্যবহার ছিল অহংকারপূর্ণ ও অপেশাদার।

তিনি যেন করুণা করে শুটিংয়ে আসেন। তাঁর মধ্যে কোনো শিল্পীসত্তা ছিল না এটি শুধুই স্টারডমের অহঙ্কার।”

সাক্ষাৎকারে অভিনব আরও বলেন, “সালমান ও তার পরিবার বলিউডে এমন এক স্টার সিস্টেম তৈরি করেছে, যেখানে তারকাখ্যাতিই সবকিছু।

তারা প্রতিশোধপরায়ণ এবং যারা তাদের সঙ্গে একমত নয়, তাঁদের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা ব্যবহার করতে পিছপা হয় না।”

“তারা শুধু ক্ষমতার খেলা খেলছে না, বরং শিল্পের গলা টিপে ধরছে,” — বলেন তিনি।

নিজের ভাই, নির্মাতা অনুরাগ কাশ্যপের উদাহরণ টেনে অভিনব বলেন, “‘তেরে নাম’ সিনেমার সময় অনুরাগও সালমানের আচরণের শিকার হয়েছিল।

বনি কাপুরের দুর্ব্যবহারে সে প্রজেক্ট থেকে সরে যায় এবং কোনো ক্রেডিটও পায়নি। অনুরাগ আমাকে সতর্ক করেছিল, কিন্তু আমি তখন বুঝিনি।”

“ভালো ছবি তৈরি হয় ভালো চিত্রনাট্য দিয়ে, কিন্তু এই স্টারডম-নির্ভর পরিবারগুলো শিল্পের চেয়ে তারকাকে বড় করে দেখায়,”— বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *