বাউফল উপজেলায় মো. খলিল মৃধা (৫৫) নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের কর্পূরকাঠী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত খলিল মৃধা ওই গ্রামের আবুল হোসেন মৃধার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, খলিল মৃধা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ কারণে তার স্ত্রী রাহিমা বেগম তিন কন্যাকে নিয়ে আলাদা স্থানে বসবাস করতেন। খলিল মৃধা তার মায়ের সঙ্গে একই বাড়িতে থাকতেন।
ইউনিয়ন দফাদার মো. সিদ্দিকুর রহমান জানান, ঘটনার দিন সকালে খলিল মৃধা তার মায়ের সঙ্গে কথা বলে ঘর থেকে বের হন। পরে সকাল ৯টার দিকে স্থানীয় নিলুফা বেগম নামের এক নারী বাড়ির পাশে একটি কাঁঠাল গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখে চিৎকার করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি পুলিশকে জানায়।
খবর পেয়ে বাউফল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।











Leave a Reply