বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

বাউফলে প্রতিবন্ধী নারীকে বাগানে নিয়ে ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার

বাউফলে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে মো. জালাল হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের চর কালাইয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত রশিদ হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জালাল হাওলাদার দীর্ঘদিন ধরে ওই প্রতিবন্ধী নারীকে নানাভাবে উত্যক্ত করছিলেন। শনিবার রাতে সুযোগ পেয়ে তিনি ওই নারীকে রান্নাঘর থেকে মুখ চেপে পাশের বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

নারীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ঘটনাস্থলেই অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়। পরে বাউফল থানা পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

ভুক্তভোগীর পরিবার বিষয়টি লিখিতভাবে থানায় জানালে মামলা দায়ের করা হয়। রোববার সকালে ধর্ষণের শিকার নারীকে চিকিৎসার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুরে অভিযুক্ত জালাল হাওলাদারকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেন, “অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং ভুক্তভোগীকে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *