বাউফল প্রতিদিন ডট কম

বাউফলের কথা বলে

বাউফলে পলিটেকনিক শিক্ষার্থীর পায়ের ৩ রগ কাটলো দুর্বৃত্তরা

বাউফলে দুর্বৃত্তদের হামলায় তাওসিফ ইসলাম অর্ক (১৭) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে । হামলায় ওই শিক্ষার্থীর পায়ের তিনটি রগ কেটে গিয়েছে।

বুধবার (২১ মে) রাত সাড়ে ৮টার দিকে বাউফল পৌর শহরের হাসপাতালের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী তাওসিফ ইসলাম অর্ক (১৭) পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র। তিনি উপজেলার কৃষকদলের সাবেক আহ্বায়ক তৌহিদুল ইসলাম ফয়সালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ মে পূর্বের শত্রুতার জেরে অর্কের বাবা তৌহিদুল ইসলাম ফয়সাল বাউফলের এক মোটরসাইকেল চালক মোসারেফকে পিটিয়ে থানায় সোপর্দ করেন। এই দিনই প্রতিশোধমূলকভাবে দুর্বৃত্তরা ফয়সালের মেজ ছেলে, সপ্তম শ্রেণির শিক্ষার্থী তাহসিন ইসলাম সূর্য (১২)-কে পিটিয়ে আহত করে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

আজ বুধবার সেই ঘটনারই ধারাবাহিকতায় বড় ছেলে তাওসিফ ইসলাম অর্ককে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা অর্ককে উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহারুখ বলেন, অর্কের ডান পায়ের জখম গুরুতর। তিনটি রগ কাটা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, পুলিশ আইনী কার্যক্রম শুরু করেছে। ঘটনার বিস্তারিত দ্রুতই গণমাধ্যমকে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *